সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় শাহ মকসুদ-শাহ মনির উদ্দিন (রহ.) হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুর রশিদকে দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবন শেষে অশ্রুসিক্ত ভালোবাসা ও সম্মানে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং পরিচালনা কমিটির উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁর হাতে দেড় লাখ টাকার আর্থিক সম্মাননা, মূল্যবান উপহারসামগ্রী ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী এবং এলাকাবাসীর উপস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামরুল হুদা জাগীরদারের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মাওলানা জুয়েল আহমদ লতিফীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা আবদুল ওয়াদুদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ফয়ছল আহমদ, শিক্ষক খলিলুর রহমান, মিজারুল ইসলাম, মুজিবুর রহমান, মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মিজানুর রহমান খালিছাদার, সহসভাপতি শফিকুর রহমান, সাংবাদিক মো. আবদুস শহীদ ও সাংগঠনিক সম্পাদক হাফিজ তৌরিছ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাংবাদিক রাকিব আহমদ, শিক্ষক আবদুর রহিম খান, জাহিদুল ইসলাম, মুজিবুর রহমান, ঈশ্বরচন্দ্র বর্মণ, আলমগীর হোসেন, মিজারুল ইসলাম, রফিক আহমদ, জাহানারা বেগম ও রাছনা খাতুনসহ অনেকে।
অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আহমদ ও শাহ তামিম আলী। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী শামছুল ইসলাম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ তাওহীদুর রহমান কাহাদ।
বিদায়ী শিক্ষক আবদুর রশিদ ময়মনসিংহের নান্দাইল উপজেলার লংপুর গ্রামের বাসিন্দা। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর কাছ থেকে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আমি সত্যিই মুগ্ধ। আমার জন্য সবাই দোয়া করবেন।’
তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, ‘তিনি খুবই নরম হৃদয়ের একজন মানুষ। তাঁর নিয়মশৃঙ্খলা ও সময়ানুবর্তিতা থেকে অন্য শিক্ষকেরা অনেক কিছু শিখেছেন। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।’
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়া এই শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আবেগ ও ভালোবাসার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








