লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রামগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক বেলাল আহমেদকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় ফেরার পথে বনশ্রী এলাকায় রামপুরা থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে, সোমবার দিবাগত রাতে রামপুরা থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই রাতে মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন—২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৪৮), ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০), রামপুরা থানা ছাত্রলীগের সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩), রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮) এবং রামপুরা থানা যুবলীগের সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বেলাল আহমেদ আত্মগোপনে ছিলেন। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের স্থানীয় প্রতিনিধি হিসেবেও পরিচিত ছিলেন।
তবে বেলাল আহমেদকে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








