জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে গাইবান্ধার সদর উপজেলায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় পরিচালিত SWABOL প্রকল্পের আওতায় ‘জলবায়ু অভিযোজন মূলক পদক্ষেপে সরকারি ও বেসরকারি সেবাদানকারীদের সঙ্গে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারজান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক শাহ সুফি মোতাকেল বিল্লাহ, জেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল খালেকসহ জেলা কমিটির অন্যান্য সদস্য।
কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি, মৎস্য ও অন্যান্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









