গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমানসহ অন্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত থাকবে।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









