পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনসহ ৩ দফা দাবিতে অবরোধের কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে তারা সড়ক ছেড়ে যান।’’
তিনি জানান, ন্যূনতম মজুরিসহ ৩ দফা দাবিতে বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সেখানে জড়ো হন। প্রায় দেড় ঘণ্টা সড়কে অবস্থানের পর বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
এদিকে, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘‘সকাল থেকেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। শ্রমিকেরা সোমবার তাদের দাবি মেনে নেওয়া হয়নি বলে আন্দোলন করেন।’’ তবে এই আন্দোলনে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘‘এসব ব্যক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনকে আরও ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করছেন। পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সকালে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ ও সড়ক অবরোধের চেষ্টা করা হলেও আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’
টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর আজ মঙ্গলবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









