ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে অবৈধ মাছ শিকার বন্ধ ও মৎস্যসম্পদ সংরক্ষণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ছয়টি অবৈধ ঘের ও দলকাটা উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঁইয়া, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা।

অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২৫টি রিং জাল জব্দ করা হয়। রিং জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকারের অপরাধে একজনকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পরে জব্দ করা জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, নদীর মৎস্যসম্পদ, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









