সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাইম আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ভাদেশ্বর নালিউরি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম ভাদেশ্বর ইউনিয়নের মাইজবাগ গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নালিউরি এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে তার বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এসআই দেওলয়ার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী বলেন, খবর পেয়ে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









