ভোলার বোরহানউদ্দিনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের পেছনে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জসিম (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর চালক অটোরিকশাটি ফেলে পালিয়ে গেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনগামী অটোরিকশাটি ইদারার মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তিন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি দল স্টেশন ইনচার্জ মো. খোরশেদ আলমের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত জসিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত জসিম চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আলী আহম্মেদ মুন্সি। আহত অপর দুজন হলেন লালমোহন পৌরসভার পাকা রাস্তার মাথা এলাকার আমেনা বেগম (২০) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হাবীব (৩২)।
দুর্ঘটনার পর চালক অটোরিকশাটি ফেলে পালিয়ে যান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের সঙ্গে অটোরিকশার ধাক্কায় তিনজন আহত হন। তাদের মধ্যে জসিম ঢাকায় নেওয়ার পথে মারা যান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









