কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের নেতৃত্বে ৪ হাজার মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার শিয়ালডাঙ্গী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু করে কালুখালীর উপজেলার শেষ প্রান্তে গিয়ে এ শেষ হয়।
শোভাযাত্রায় পাংশা ও কালুখালী উপজেলার সকল ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এ সময় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো হারুন অর রশিদ। সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে সংসদ সদস্যের নেতৃত্বে একযোগে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মো. হারুন অর রশিদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান ডে ওয়ান থেকে কাজ শুরু করেছেন, সেদিন থেকেই পতিত আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও তাদের দোষররা ষড়যন্ত্র শুরু করেছে, সম্প্রতি গোপালগঞ্জে তারা যে তাণ্ডব লীলা চালিয়েছে, আমরা চাইলে সারা বাংলাদেশে তাণ্ডব লীলা করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বলতে চাই, ‘আসুন সহঅবস্থানে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই, আপনারা যদি কোনো প্রকার অরাজকতা করার চেষ্টা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাত গুটে বসে থাকবে না।’’ আগামী দিনগুলোতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ আলীখানসহ কালুখালী, পাংশা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









