নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় চালের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার স্বরূপপুর এলাকার ওই চালকলের গুদামে অভিযান চালানো হয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ইউএনও মানজুরা মুশাররফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুদামে ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল পাওয়া যায়। গণনা ও ওজনের হিসাব শেষে মোট ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করা হয়। প্রাথমিকভাবে এসব চালের মালিক হিসেবে চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের নাম জানা গেছে।
ইউএনও চালগুলো জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে মিলনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দেন।
ইউএনও মানজুরা মুশাররফ বলেন, খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বিপুল পরিমাণ চাল মজুতের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। চালের পরিমাণ বেশি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা চালের উৎস, মজুতের উদ্দেশ্য এবং সেগুলো সরকারি বরাদ্দের কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








