‘গতকাল কুষ্টিয়ায় ১ হাজার ৪০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি করেছি। আজ বাড়ির কাছের হাটে বিক্রির আশায় ফজরের আজানের পরপরই সাত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছি। এখন সকাল সাড়ে ৮টা, অথচ পেঁয়াজ বিক্রি করতে পারিনি। দাম একেবারেই কম। তাই পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’
আক্ষেপ করে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার আলাউদ্দিন নগরের সাপ্তাহিক পেঁয়াজের হাটে তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানান, মানভেদে প্রতি মণ পেঁয়াজের দাম উঠছে ৮০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। তাঁর পেঁয়াজের দাম উঠেছে ১ হাজার ২০০ টাকা। অথচ কয়েক মাস মজুদ রাখার কারণে ওজন কমে যাওয়ায় বর্তমানে প্রতি মণ পেঁয়াজের উৎপাদন খরচ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬০০ টাকা। গত বছর একই সময়ে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছিল ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায়।
একই গ্রামের কৃষক হাফিজুল ইসলাম বলেন, গতকাল প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। আজ সেই পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। সারা বছরই পেঁয়াজের বাজারদর কম থাকায় উৎপাদন খরচ উঠছে না। অন্তত প্রতি মণ পেঁয়াজ ২ হাজার টাকা হলে কৃষকেরা কিছুটা স্বস্তি পেতেন।
শুধু জিয়ারুল কিংবা হাফিজুল নন, পেঁয়াজের দরপতনে বিপাকে পড়েছেন উপজেলার অসংখ্য কৃষক ও স্থানীয় ব্যবসায়ী। তাঁদের ভাষ্য, গত বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবার বেশি জমিতে চাষ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মণ এবং উচ্চফলনশীল জাতের ক্ষেত্রে ১০০ মণের বেশি ফলনও হয়েছে। কিন্তু জমির ইজারা, সার, কীটনাশক ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মৌসুমে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে ৩০ থেকে ৩২ টাকা। কয়েক মাস মজুদ রাখার পর শুকিয়ে যাওয়া ও পচনের কারণে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। অথচ বর্তমানে হাটে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ২০ থেকে ৩২ টাকায়। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তাঁরা।
প্রতি বুধবার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে আলাউদ্দিন নগরে বসে কুমারখালী উপজেলার দ্বিতীয় বৃহত্তম সাপ্তাহিক পেঁয়াজের হাট। ভোর হওয়ার আগেই দূরদূরান্ত থেকে পেঁয়াজ নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলা থেকেও পাইকার ও ব্যাপারীরা আসেন পেঁয়াজ কিনতে। দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। তবে বুধবার হাটে মানভেদে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক দিলীপ কুমার সরকার বলেন, ১ হাজার ২৫০ টাকা মণ দরে আড়াই মণ পেঁয়াজ বিক্রি করেছেন। এতে তাঁর লোকসান হয়েছে। অন্তত ৩ হাজার টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হলে কৃষকেরা বাঁচতেন। আগামী বছর পেঁয়াজ চাষ করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পেঁয়াজের জমিতে অন্য চাষ হয় না। আমরা চাষা মানুষ, মরি-বাঁচি চাষ করতেই হবে।’
পান্টি ইউনিয়ন থেকে আসা কৃষক বিল্লাল হোসেন বলেন, ১২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন। ফলন ভালো হলেও বাজারদর কম থাকায় প্রতি মণে প্রায় ৫০০ টাকা লোকসান গুনতে হচ্ছে। পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, মোকামে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় গতকালের তুলনায় বুধবার প্রতি মণে ১৫০ থেকে ২০০ টাকা কম দাম পাওয়া যাচ্ছে। বর্তমানে সুখসাগর জাতের পেঁয়াজ ৯০০ থেকে ১ হাজার টাকা এবং দেশি পেঁয়াজ ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে।
কুষ্টিয়া সদর থেকে হাটে আসা ব্যবসায়ী ফজলুর রহমান প্রায় ১০ টন পেঁয়াজ কিনেছেন। তিনি জানান, প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩২০ টাকা দরে পেঁয়াজ কিনেছেন। এসব পেঁয়াজ চট্টগ্রামে নিয়ে বিক্রি করবেন। এবার উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কম। এতে কৃষকের উৎপাদন খরচও উঠছে না।
আলাউদ্দিন নগর পেঁয়াজের হাট পরিচালনা কমিটির এক সদস্য জানান, বুধবার হাটে প্রায় ৬ হাজার মণ পেঁয়াজের আমদানি হয়েছিল। তবে দাম কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক কৃষক পেঁয়াজ বিক্রি করতে পারেননি। শেষ পর্যন্ত পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরে গেছেন অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন জানান, এ বছর কুমারখালী উপজেলায় ৪ হাজার ৮০৮ হেক্টর জমিতে প্রায় ৮৪ হাজার ৩২৭ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ২৮ থেকে ৩০ টাকা। সংরক্ষণের সময় প্রায় ২৫ শতাংশ পেঁয়াজ শুকিয়ে ও নষ্ট হয়ে গেছে। হাটে দাম কিছুটা কম থাকায় কৃষকেরা হতাশ। ন্যায্য দাম নিশ্চিত করা গেলে পেঁয়াজ চাষে তাঁদের আগ্রহ বাড়বে।
এদিকে হাটে সিন্ডিকেট প্রতিরোধ ও পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








