ইকোলজিকেল চেইন বা খাদ্য শৃঙ্খল হলো ,বাস্তুতন্ত্রে এক জীব থেকে অন্য জীবে খাদ্য ও শক্তি প্রবাহের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় উৎপাদক স্তর থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে শক্তির স্থানান্তর ঘটে।
প্রকৃতির ইকোলজিকেল চেইনের প্রক্রিয়া গুলো হলো, ১. সবুজ উদ্ভিদ ও শৈবাল সূর্যের আলো ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। এরা খাদ্য শৃঙ্খলের সর্বনিম্ন ও প্রাথমিক স্তর হিসেবে কাজ করে। এগুলোর দ্ধিতীয় স্তরে এসে যেসব তৃণভোজী প্রাণী সরাসরি উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে, তাদের প্রাথমিক খাদক বলে। ঘাসফড়িং, হরিণ এবং খরগোশ এই স্তরের অন্তর্ভুক্ত খাদক । তৃতীয় স্তরে এসে মাংসাশী প্রাণী প্রাথমিক খাদকদের শিকার করে খায়, তারা দ্বিতীয় স্তরের খাদক হিসেবে পরিচিত। আবার এদের যারা ভক্ষণ করে, তাদের তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক বলা হয়। তারপর চতুর্থ স্তরে এসে ব্যাকটেরিয়া ও ছত্রাক মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়।
এর ফলে মাটির পুষ্টি উপাদান আবার পরিবেশে ফিরে আসে এবং চক্রটি সম্পূর্ণ হয়। তাছাড়া এটাকে এভাবেও বলা যায়, তা হলো, স্থলজ খাদ্য শৃঙ্খল সূর্যের আলো থেকে ঘাস খাদ্য তৈরি করে। এরপর ঘাসকে খায় ঘাসফড়িং, ঘাসফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ এবং সবশেষে সাপকে খায় ঈগল। আর জলজ খাদ্য শৃঙ্খল. পানির ক্ষুদ্র উদ্ভিদ বা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটনকে খায় ছোট মাছ এবং ছোট মাছকে খায় বড় শিকারি মাছ।
এই চেইন রক্ষার জন্য "ইকোলজিক্যাল চেইন সংরক্ষণ আইন" নামে আলাদা কোনো আইন বিশ্বে নেই। তবে বাস্তুতন্ত্র বা খাদ্য শৃঙ্খল রক্ষার জন্য দেশে একাধিক গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট আইন প্রচলিত রয়েছে। তবে বাস্তুতন্ত্র বা খাদ্যশৃঙ্খল রক্ষার জন্য দেশে একাধিক গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট আইন প্রচলিত রয়েছে। যেমন, ১. প্রাকৃতিক ভারসাম্য ও প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ হলো দেশের প্রধান ও মূল আইন। এ আইন দ্বারা কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা যায়। এ আইনের ৫ ধারা অনুযায়ী কোনো এলাকার প্রতিবেশ ব্যবস্থা ধ্বংসের মুখে পড়লে সরকার সেটিকে 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা' ঘোষণা করতে পারে। এই আইনের অধীন পাহাড় বা টিলা কাটা, জলাধার ভরাট করা এবং ক্ষতিকর বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
আইন অমান্য করলে পরিবেশের ক্ষতির মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তাছাড়া বাস্তুতন্ত্রের প্রতিটি স্তরের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭ প্রণয়ন করা হয়েছে। এ আইনে বলা আছে দেশের সব প্রজাতির প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের সুরক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিত করা। তাছাড়া এ আইনে রয়েছে, সরকারি অনুমতি ছাড়া কোনো জীবসম্পদ সংগ্রহ বা বিদেশে পাচার করলে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটি আইন হয়েছে তা হলো, খাদ্যশৃঙ্খলের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা অপরিসীম, যা সুরক্ষিত রাখতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, এ আইটি ২০২৬ কার্যকর হয়েছে। বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং কমিউনিটি কনজারভেশন এলাকা ঘোষণার ক্ষমতা এই আইনে দেওয়া হয়েছে। এ আইনে বন্যপ্রাণী শিকার, ধরা বা ক্রয়-বিক্রয় করলে অপরাধের ধরন অনুযায়ী দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও বড় অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়।
বনাঞ্চলের বাস্তুতন্ত্র ও গাছপালা রক্ষার জন্য বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬ বাস্তবায়ন করা হচ্ছে। এটি অবৈধভাবে গাছ কাটা রোধ করে এবং বনের প্রাকৃতিক পরিবেশ ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি রক্ষায় কাজ করে। তাছাড়া ২০১২ এবং পরবর্তী হালনাগাদ আইন অনুযায়ী শামুক ও ঝিনুককে জলজ প্রাণী হিসেবে গণ্য করা হয়। এ আইন অনুযায়ী বিনা অনুমতিতে প্রাকৃতিকভাবে জলাশয় থেকে শামুক শিকার, সংগ্রহ, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা ধ্বংস করা আইনত দণ্ডনীয় অপরাধ।
শামুক নিধন বা অবৈধভাবে সংগ্রহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্যমান বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জেল ও অর্থদণ্ডের বিধান রয়েছে। শামুক জলাশয়ের পানি পরিষ্কার রাখতে এবং প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচারে শামুক নিধনের ফলে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলের জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
সম্প্রতি চলন বিলে শামুক সংগ্রহকালে বেশ কয়েকজন আদিবাসীকে এ আইনের অধীন দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত। বিচারিক প্রক্রিয়ায় তাদের জেল-জরিমানা করা হয়। শামুক ধরা আদিবাসীদের প্রাচীন ঐতিহ্যগত অভ্যাস। কারণ আদিবাসীদের খাদ্যতালিকায় এই জলজ প্রাণীটি রয়েছে। যে আদিবাসীদের এই শামুক আহরণ করার দায়ে জরিমানা করা হয় তাদের বাড়ি দিনাজপুরে। প্রশ্ন হচ্ছে এই আদিবাসীরা কেন দিনাজপুর থেকে এত দূরে শামুক আহরণ করতে গেলেন তার উত্তর খুঁজলে দেখা যায়, দিনাজপুর এলাকায় এখন শামুক পাওয়া যায় না। কেন দিনাজপুরে শামুক পাওয়া যায় না, তার উত্তরে অনেকেই বলবেন সব শামুক আদিবাসীরা খেয়ে ফেলেছে।
আসলে কি তার জন্য শামুক কমে গেছে, এ কারণে কমে নাই। তাই এই উত্তরটাও সঠিক না। কারণ খাল বিলের পানি দূষিত হওয়ার ফলে শামুক কমছে। বিশেষ করে জমিতে কীটশাক ব্যবহার কলকারখানার বর্জ্য পড়ে পানি দূষিত হওয়ায় জলজ প্রাণী বিলুপ্ত হচ্ছে। শুধু আদিবাসীদের শামুক খাওয়ার জন্য এই প্রাণীটি কমছে নাকি জলাশয়ের পানি দূষিত হওয়ার জন্য শামুক বিলুপ্তির পথে যাচ্ছে এই কারণটি খোঁজে বের করাটা জরুরি। যারা জলাশয়ের পানি দূষিত করছেন তাদের কজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে তার কি কোনো সঠিক পরিসংখ্যান কেউ দিতে পারবেন। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাকিস্তানি মিল নামে একটি কারখানা রয়েছে।
যার বিষাক্ত বর্জ্য নির্মগনের ফলে এই উপজেলার দু-তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ জলাশয়ের পানি বিষাক্ত হয়ে পড়েছে। এই জলাশয়গুলোতে এখন কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না। এই পাকিস্তানি মিলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হলো? তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ বহু নদীর পানি ব্যবহার অযোগ্য , যারা এই নদী গুলোর পানি বিষাক্ত করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয় তা জানার ইচ্ছে জনসাধারণের, এই নদীগুলোর শামুক ঝিনুক মাছসহ সব প্রাণীই বিলুপ্তির পথে।
অথচ পাঁচ-দশটা শামুকের জন্য ধরার জন্য দরিদ্র আদিবাসীদের কোমরে দড়ি বেঁধে আদালতে নেয়া হলো আর যারা কোটি কোটি টন শামুকসহ নানা জলজ প্রাণীর অভয় অরণ্য ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা নির্বিকার যারা আদিবাসীদের শামুক খাওয়ার জন্য জীববৈচিত্র্য নষ্ট করার দায়ে দায়ী করছেন তারা কি জানেন, এই আদিবাসীরাই বংশপরম্পরায় ইকোলজিকেল চেইনকে ধরে রেখেছে ।
আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত আইন, ঐতিহ্যবাহী জ্ঞান এবং প্রকৃতির সাথে সহাবস্থানের নৈতিক ও সামাজিক বিধিমালা তৈরি করেছে প্রাচীনকাল থেকে। আদিবাসীদের ধারণা, মানুষ প্রকৃতিরই একটি অবিচ্ছেদ্য অংশ। এই দর্শনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার নীতিগুলো তারা মেনে চলে। আর মেনে চলা নিয়মগুলো হলো, ১. আদিবাসীরা মনে করে প্রকৃতি আমাদের যা দেয়, আমাদেরও প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।
কোনো কিছু কেবল ভোগের জন্য নয়, বরং সংরক্ষণের জন্যও। ২. প্রকৃতি থেকে ঠিক ততটুকুই সম্পদ (যেমন—গাছ, মাছ, পশুপাখি বা লতাপাতা) সংগ্রহ করা হয়, যতটুকু দৈনন্দিন জীবনধারণের জন্য অপরিহার্য। অতিরিক্ত বা বাণিজ্যিক লুণ্ঠন আদিবাসীদের প্রথাগত আইনে নিষিদ্ধ। অনেক আদিবাসী সমাজে 'সাত প্রজন্মের নীতি' মেনে চলা হয়। অর্থাৎ, প্রকৃতির ওপর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা হয়, এর প্রভাব আগামী সাত প্রজন্মের ওপর কী পড়বে তা ভেবে তারা কাজ করে।
আদিবাসীদের প্রাকৃতিক ভারসাম্য নিজস্ব নীতিহলো প্রকৃতিকে শোষণ না করে তার সাথে মিলেমিশে বেঁচে থাকার একটি টেকসই ও ঐতিহ্যবাহী জীবনবিধান।
লেখক : কলামিস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








