পিরোজপুরের নেছারাবাদে প্রায় ৬০ বছর আগে নির্মিত দুটি স্লিপার ব্রিজ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজ দুটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাটা-দৈহারী জামে মসজিদসংলগ্ন দৈহারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের ব্রিজ সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে এবং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে মসজিদ ও মাদ্রাসা-এতিমখানার সামনের সংযোগকারী আয়রন ব্রিজ দুটি ১৯৬৬ সালে নির্মিত হয়। প্রায় ছয় দশক ধরে ব্যবহৃত হলেও ব্রিজ দুটিতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংস্কারকাজ হয়নি। দুটি ইউনিয়নের সংযোগস্থলে হওয়ায় প্রশাসনিক জটিলতার কারণে সংস্কারকাজ আটকে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
বক্তারা আরও জানান, ব্রিজ দুটি সংস্কারের দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদে তিনবার এবং জেলা পরিষদে একবার লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে একাধিকবার ব্রিজ দুটি মেরামত করেছেন। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এসব ব্রিজ দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
স্থানীয়দের দাবি, ব্রিজ দুটি দিয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এতিমখানার শিক্ষার্থীসহ আশপাশের পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করেন। এ ছাড়া কাটা-দৈহারী কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরাও নিয়মিত ব্রিজটি ব্যবহার করেন। জরাজীর্ণ ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
মানববন্ধনে ১০৭ নম্বর দৈহারী-ভরতকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপর্ণা রানী বলেন, প্রায় ৬০ বছর আগে নির্মিত আয়রন ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। প্রতিবছরই ব্রিজ দিয়ে চলাচলের সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে ব্রিজটি দ্রুত মেরামত করা জরুরি।
স্থানীয় যুবক ও সমাজসেবক মো. শামসুল হক হাওলাদার বলেন, ব্রিজসংলগ্ন এলাকা দিয়ে প্রতিদিন পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। দীর্ঘদিনেও সরকারি উদ্যোগে ব্রিজ দুটির সংস্কার হয়নি। স্থানীয়ভাবে একাধিকবার মেরামত করা হলেও স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত ব্রিজ দুটি সংস্কারের দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক নুর ইসলাম তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল বেপারী, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোবেন চৌধুরী, সমাজসেবক শামসুল হক হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার ও মাসুদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজ দুটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








