দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে চিরিরবন্দর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৬ নম্বর অমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শিহাব আশেক মাহমুদ কাজী ওরফে মিলন (৪৫) এবং ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাদেকুল (৪৮)। মিলন উপজেলার কুতুবপুর গ্রামের মো. ইকবাল হোসেন কাজীর ছেলে। সাদেকুল ভাদেরা গ্রামের মৃত নছমুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্রের অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
২০২৬ সালের ২০ জুন দায়ের করা মামলাটির নম্বর ২২ এবং জিআর নম্বর ১৬১। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, বুধবার (১৮ নভেম্বর) গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








