রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১৮ নভেম্বর) শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা দাবি করেছেন।
আটক ব্যক্তিরা হলেন শামিনুল ইসলাম সাইফ (২০)। তিনি বাঘাইছড়ি উপজেলার রসুলপুর গ্রামের কবির হোসেনের ছেলে। অপরজন মো. নাজমুল সরকার। তিনি লংগদু উপজেলার পশ্চিমবঙ্গ জারুল বাগান এলাকার মৃত নয়ন সরকারের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই যুবক বর্তমান সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে উসকানিমূলক বক্তব্য প্রকাশ করে আসছিলেন। এসব পোস্টের মাধ্যমে জনমনে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল বলে দাবি তাঁদের।
স্থানীয়দের ভাষ্য, আটকের পর তাঁদের ব্যবহৃত মুঠোফোনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি ও ভিডিওসহ নানা তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামের সিআরবিসহ বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশে অংশ নেওয়ার তথ্যও রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। তবে এসব তথ্যের সত্যতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।
পরে স্থানীয়রা আটক দুই যুবককে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








