সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এগুলো উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এসব বিস্ফোরক নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিজিবি ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ৫০টি পাওয়ার জেল, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে। এ ছাড়া মাদক ও বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাচালানের হোতাদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে অভিযানও চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








