কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার দুর্গম পাহাড়ে আহত বন্যহাতিটির সন্ধান পাওয়ার পর চিকিৎসা শুরু করেছে বন বিভাগ। বুধবার (১৮ নভেম্বর) সকালে ট্যাঙ্কুলাইজেশন গান প্রয়োগ করে হাতিটিকে অচেতন করার পর ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম চিকিৎসা কার্যক্রম শুরু করে। বর্তমানে হাতিটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত রয়েছে।
এদিকে আহত হাতিটির পাশে থেকে সঙ্গীর অপেক্ষা করার দৃশ্য স্থানীয়দের মধ্যে আবেগের সৃষ্টি করেছে। আহত হাতিটি খুঁড়িয়ে চললেও অন্য হাতিটি কখনো পাশাপাশি হেঁটে, আবার কখনো গতি কমিয়ে তার সঙ্গ দিয়ে যাচ্ছে। বিপদের মুহূর্তে সঙ্গীকে একা না ছাড়ার এই দৃশ্য বন্যপ্রাণীর পারস্পরিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় সোমবার প্রথম হাতি দুটিকে দেখা যায়। এ সময় একটি হাতিকে আহত অবস্থায় খুঁড়িয়ে চলতে দেখা যায়। পরে বন বিভাগ হাতি দুটির গতিবিধি পর্যবেক্ষণ এবং আহত হাতিটির চিকিৎসার উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বাহারছড়া গর্জন বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দুর্গম পাহাড়ের বিভিন্ন স্থানে টানা প্রায় আট ঘণ্টা ড্রোন উড়িয়ে অনুসন্ধানের পর সন্ধ্যায় আহত হাতিটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার দক্ষিণের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম। বন বিভাগের সদস্যদের পাশাপাশি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা অভিযানে অংশ নেন।
হাতিটির অবস্থান শনাক্তের পর ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে ট্যাঙ্কুলাইজেশন গান প্রয়োগ করে হাতিটিকে অচেতন করার পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।
শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, দুর্গম পাহাড়ে ড্রোন উড়িয়ে আহত হাতিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। পরে বিশেষ মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা শুরু হয়েছে। হাতিটি কীভাবে আহত হয়েছে, তা চিকিৎসা ও পরবর্তী অনুসন্ধানের মাধ্যমে জানা যাবে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের ধারণা, সশস্ত্র সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানব পাচারকারীদের কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








