সিলেট নগরের একটি হোটেল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত তিনটার দিকে নগরের আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক অন্য দুজন হোটেলটির কর্মী।
আটক ছাত্রলীগ নেতার নাম মো. দেলোয়ার হোসেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে। তাঁর পরিচয় গোপন করার অভিযোগে হোটেলটির দুই কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল পলাশের একটি কক্ষে ছাত্রলীগের ওই নেতা অবস্থান করছেন, এমন খবর পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হোটেলটিতে যান। তাঁরা হোটেলের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে বিএনপি নেতাদের কাছ থেকে খবর পেয়ে সেখানে যায় এয়ারপোর্ট থানা পুলিশ।
একপর্যায়ে পুলিশ ও বিএনপির নেতা কর্মীরা মিলে হোটেলের একটি কক্ষ থেকে দেলোয়ার হোসেনকে আটক করেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত নেতা কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এদিনকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এ সময় হোটেল ম্যানেজার সেখানে ছাত্রলীগের কোনো নেতা নেই বলে জানান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে খুঁজে বের করে আটক করে। তাঁকে এয়ারপোর্ট থানায় নেওয়া হয়েছে।
উপকমিশনার বলেন, ভুল তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসহযোগিতা করায় হোটেল ম্যানেজারকে এবং তল্লাশিতে অসহযোগিতার অভিযোগে আরেক কর্মীকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








