দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগে যুক্ত হচ্ছে পাবনা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উদ্বোধনের মধ্য দিয়ে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা আন্তনগর ট্রেন সার্ভিস। এ উদ্যোগ ঘিরে জেলাজুড়ে আনন্দের পাশাপাশি অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে নতুন সম্ভাবনার প্রত্যাশা তৈরি হয়েছে।
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগার এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত থাকবেন।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, ১৯ নভেম্বর বিকেলে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত বাণিজ্যিক চলাচল।
নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ পাবনার উদ্দেশে ছেড়ে আসবে। অন্যদিকে সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ঢাকা-পাবনা রুটে চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম. মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।
পাবনা প্রেস ক্লাবের আখতারুজ্জামান আক্তার বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত রেল যোগাযোগ চালু হওয়ায় পাবনাবাসী আনন্দিত। তবে এ উদ্যোগ যেন এখানেই সীমাবদ্ধ না থাকে। উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করতে ভবিষ্যতে আরও আন্তনগর ট্রেন চালুর দাবি জানান তিনি।
রাধানগর এলাকার শিক্ষক শামসুল আলম বলেন, ট্রেন চালু হলে সড়কের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে রাজধানীতে যাতায়াত করতে পারবে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য এটি স্বস্তির বিষয় হবে।
শহরের সিংগা এলাকার বাসিন্দা সালেহ আহমেদ বলেন, বাসের তুলনায় ট্রেনের ভাড়া সাধারণত সাশ্রয়ী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের সময় বাঁচবে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাতায়াত করা রোগীদের দুর্ভোগও কমবে বলে আশা করেন তিনি।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনার সর্বস্তরের মানুষের সম্মিলিত দাবি ও দীর্ঘদিনের প্রত্যাশার ফল এই সরাসরি রেল যোগাযোগ। সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের সুফল পাবনাবাসী পেতে যাচ্ছেন। এ যোগাযোগ চালু হলে রাজধানীর সঙ্গে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, চাইলে অনেক আগেই জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা রুটে ট্রেন চালু করা যেত। তবে পাবনাবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে সম্পূর্ণ নতুন কোচ দিয়ে ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতিতে এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় তাঁরাও আনন্দিত।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরাসরি আন্তনগর ট্রেন চালুর ফলে যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি পাবনার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








