ব্রাজিলের আমাজন বনের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বিচ্ছিন্ন এক আদিবাসী গোষ্ঠীর বিরল কিছু ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবি তাদের অস্তিত্বের পাশাপাশি কাঠচোর, শিকারি ও গবাদিপশুর খামারিদের কারণে তৈরি হওয়া হুমকির বিষয়টিও সামনে এনেছে। আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন মঙ্গলবার এ উদ্বেগের কথা জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক আদিবাসীদের অধিকারবিষয়ক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির দাবি, আগের দিন ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের একটি প্রত্যন্ত এলাকায় সরকারি একটি দলের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আওয়া আদিবাসীর ঐতিহাসিক সাক্ষাৎ হয়। এ সময় আদিবাসীরা খাবার চান।
সারভাইভাল ইন্টারন্যাশনালের সংজ্ঞা অনুযায়ী, বিচ্ছিন্ন আদিবাসী বলতে এমন জনগোষ্ঠীকে বোঝায়, যারা বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে এবং তাদের সঙ্গে স্থায়ী কোনো সম্পর্ক নেই। তবে তারা যে বাইরের পৃথিবী সম্পর্কে একেবারেই অজ্ঞ, তা নয়।
সংগঠনটি জানায়, সাম্প্রতিক ইতিহাসে আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এ ধরনের যোগাযোগের ঘটনা দেখা যায়নি। কয়েক দশকের মধ্যে এমন ঘটনা এই প্রথম। বাইরের মানুষের তাদের বসবাসের এলাকায় প্রবেশের চাপের কারণেই তারা খাবার চেয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংগঠনটি।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই রয়টার্সকে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও বিভিন্ন বিবরণ তারা পর্যালোচনা করছে। এসব ভিডিওতে মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী অঞ্চলে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর সঙ্গে একটি গ্রামের মানুষের যোগাযোগের দৃশ্য দেখা গেছে।
ফুনাই জানিয়েছে, এ ধরনের যোগাযোগের পরিস্থিতি মোকাবিলায় তারা জরুরি পরিকল্পনা চালু করেছে। এর মূল লক্ষ্য আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি যতটা সম্ভব কমিয়ে আনা। তবে সরকার ওই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না। তাদের ক্ষেত্রে সরকারের নীতি এখনো যোগাযোগ না করার পক্ষেই রয়েছে।
ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী উত্তর-পশ্চিম মারানহাও অঞ্চলের তুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের একটি অংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আমাজনের অভিভাবক নামে পরিচিত একটি আদিবাসী সংগঠনের অনুরোধে তারা ছবিগুলো প্রকাশ করেছে। সংগঠনটি অবৈধভাবে গাছ কাটা ও গবাদিপশুর খামার গড়ে তোলার বিরুদ্ধে কাজ করে। তবে রয়টার্স ছবিগুলোর স্থান ও তারিখ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ১৭ নভেম্বরের আগে অনলাইনে এসব ছবির পুরোনো কোনো সংস্করণও পাওয়া যায়নি।
বিশ্বের সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বন আমাজনে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলো কয়েক দশক ধরেই হুমকির মুখে রয়েছে। অবৈধ খনন, গাছ কাটা ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে তাদের বসবাসের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, ‘বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছে। তাদের বসবাসের এলাকার চারদিক থেকে অনুপ্রবেশকারীরা এগিয়ে আসছে। ফলে ধ্বংসযজ্ঞের মধ্যে আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি অংশে তারা আটকে পড়ছে।’
সংগঠনটির হিসাবে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে মোট ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। তাদের প্রায় ৯৫ শতাংশের বসবাস আমাজন অঞ্চলে। এর মধ্যে শুধু ব্রাজিলেই রয়েছে ১২৪টি জনগোষ্ঠী।

মারানহাও অঞ্চলের আদিবাসীদের সংগঠন কোয়াপিমা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আওয়া জনগোষ্ঠীর সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের ঘটনা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেছে। পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন আদিবাসীদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা ও অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








