রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘‘সারিয়াকান্দি-সোনাতলার মাটিতে পতিত সরকারের পক্ষ নিয়ে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।’’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নিজের বাসভবনে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে, বগুড়ার স্বার্থে তারেক রহমানের নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ। পতিত সরকারের পক্ষ নিয়ে কেউ সারিয়াকান্দি-সোনাতলার মাটিতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তার কঠোর জবাব দেবে। যেখানেই আঘাত আসবে, সেখানেই তা প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, ‘‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’’ এ লক্ষ্যে ডিসেম্বরজুড়ে সাংগঠনিক কর্মসূচি পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সাবেক ছাত্রনেতা ও সাবেক যুবনেতা ইকবাল কবির পলাশ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্র মোড়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








