সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক তুহিন আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক জাবের আহমদ আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন আহমেদ সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের বরকতপুর এলাকার দুলা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চণ্ডীপুল পয়েন্ট থেকে দুই যুবক মোটরসাইকেলে করে নগরের দিকে যাচ্ছিলেন। দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তুহিন ও জাবের গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








