দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় পেঁয়াজের বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। যে সময়ে সাধারণত পেঁয়াজের দাম বেশি থাকার কথা, সেই সময়ে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এতে উৎপাদন ও সংরক্ষণ খরচ তুলতে না পেরে চরম বিপাকে পড়েছেন কৃষক ও মজুতদাররা।
কয়েক মাস ধরে ভালো দামের আশায় পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন কৃষকরা। কেউ ঋণ নিয়ে, কেউ সংসারের খরচ সামলে পেঁয়াজ মজুত রেখেছিলেন। কিন্তু বাজারে প্রত্যাশিত দাম না থাকায় এখন তাঁদের লোকসান গুনতে হচ্ছে।
কৃষকদের দাবি, বিগত বছরগুলোতে সেপ্টেম্বর থেকে নভেম্বরের সংকটকালীন সময়ে প্রতি মণ পেঁয়াজ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। অথচ এবার সেই পেঁয়াজের দাম নেমে এসেছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
সম্প্রতি জেলার অন্যতম প্রধান পেঁয়াজের মোকাম সদর উপজেলার হাজিরহাট, সুজানগর, সাঁথিয়ার বনগ্রাম ও আটঘরিয়া এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে বাজারের এমন চিত্র পাওয়া গেছে।
সাঁথিয়ার বনগ্রাম বাজারে পাঁচ মণ পেঁয়াজ নিয়ে বিক্রি করতে আসা কৃষক জালাল হোসেন বলেন, পাঁচ মণ পেঁয়াজ মাত্র এক হাজার টাকা মণ দরে বিক্রি করতে হয়েছে। অথচ এই পেঁয়াজ সংরক্ষণ করতেই তাঁর প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে। বাজারে দাম না থাকায় কৃষক হিসেবে তাঁরা এখন নিরুপায়।
সুজানগর উপজেলার হাটখালি গ্রামের কৃষক রানা মোর্শেদ বলেন, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ পেঁয়াজ চাষের সময় সারসহ কৃষি উপকরণের দাম ছিল অনেক বেশি। এক বস্তা সার কিনতে হয়েছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। এর সঙ্গে রয়েছে শ্রমিকের মজুরি, সেচ, পরিচর্যা ও সংরক্ষণ খরচ। এত কষ্ট করে চাষাবাদ করে ন্যায্য দাম না পেলে আগামীতে জমি পতিত রাখার কথা ভাবতে হবে।
কৃষকদের অভিযোগ, ভালো দাম পাওয়ার আশায় চড়া সুদে ঋণ নিয়ে তাঁরা পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন মজুত রাখতে গিয়ে পেঁয়াজ শুকিয়ে ওজন কমেছে, অনেক পেঁয়াজ পচেও গেছে। এতে উৎপাদন খরচের পাশাপাশি বেড়েছে সংরক্ষণ ব্যয়। অথচ বর্তমান বাজারে বিক্রি করে সেই খরচের সামান্য অংশও উঠছে না।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে পাবনা জেলায় প্রায় ৫৪ হাজার ৩৩৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৯ লাখ ৯৫ হাজার ৩৬৭ মেট্রিক টন, যা জেলার পেঁয়াজ উৎপাদনের রেকর্ড। উৎপাদিত পেঁয়াজের বড় একটি অংশ কৃষক ও ব্যবসায়ীরা পরবর্তী সময়ে বেশি দামে বিক্রির আশায় সংরক্ষণ করেছিলেন।
তবে উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। বিপরীতে প্রত্যাশিত চাহিদা না থাকায় পেঁয়াজের দাম ধরে রাখা সম্ভব হচ্ছে না।
সাঁথিয়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৫৬ টন। তবে উৎপাদন হয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার ৬৪৭ টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। অতিরিক্ত উৎপাদন বাজারে সরবরাহের চাপ বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষি বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজ পচনশীল কৃষিপণ্য। সাধারণ ঘরোয়া পদ্ধতিতে দীর্ঘদিন সংরক্ষণ করলে পেঁয়াজের ওজন কমে যায়, অঙ্কুর গজায় এবং পচন ধরে। বাংলাদেশ ব্যাংকের একটি গবেষণায় দেখা গেছে, সাত মাস সংরক্ষণের পর ৪০ কেজি পেঁয়াজ কমে ২৭ কেজিতে নেমে আসতে পারে। ফলে সংরক্ষণের সময় যত বাড়ে, কৃষকের আর্থিক ক্ষতির আশঙ্কাও তত বাড়ে।
এদিকে নতুন মৌসুমের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে সরবরাহ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে সংরক্ষিত পেঁয়াজের দাম আরও কমে যাওয়ার উদ্বেগে রয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
সব মিলিয়ে উৎপাদন খরচের তুলনায় কম দাম এবং বাড়তি সংরক্ষণ ব্যয় পেঁয়াজচাষিদের নতুন সংকটে ফেলেছে। অনেক কৃষক আশঙ্কা করছেন, এভাবে লোকসান চলতে থাকলে আগামী মৌসুমে পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন তাঁরা।
কৃষকদের দাবি, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে পেঁয়াজ কেনা, আধুনিক সংরক্ষণাগার নির্মাণ এবং বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








