রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জনগণের তথ্য জানার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার একটি সুস্পষ্ট ও গ্রহণযোগ্য কাঠামো নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে অবাধ তথ্যপ্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে জনগণ সঠিক তথ্য পায়, বিভ্রান্তি কমে এবং গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হয়। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই আমরা একটি কার্যকর কাঠামো গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু তথ্য মন্ত্রণালয় যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এই ধরনের প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বিস্তার ছিল না। ফলে বর্তমান বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে নীতিগত ও কাঠামোগত সংস্কার জরুরি হয়ে পড়েছে।

মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারের নীতিনির্ধারণী পর্যায়, গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ধাপে ধাপে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে গণমাধ্যম ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে।
তিনি বলেন, আমরা এমন একটি গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে সংবাদকর্মীরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণ দ্রুত, নির্ভুল ও যাচাইকৃত তথ্য পাবে।

এর আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.