সিলেট মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা না দিলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
এরআগে, শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর সিলেট মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি।
চিঠিতে আরও বলা হয়, মহানগর যুবদলের কমিটি পূর্ণাঙ্গ না করাকে সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড বলে মনে করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।
এ বিষয়ে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এদিনকে বলেন, তাঁরা চিঠি পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই খসড়া কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা স্থান পাবেন বলেও জানান তিনি।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








