মানিকগঞ্জে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার একতা ব্রিকস, এমিকা ব্রিকস এবং এসএমএস ব্রিকস নামের ৩ টি ভাটায় অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব ভাটা পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দৈনিক এদিনকে জানান-আইন অমান্য করে পরিচালিত ভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেন।
অভিযান চলাকালে ভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ৩ টি ভাটার মালিকপক্ষকে ৬ লক্ষ করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি অবৈধ কার্যক্রম বন্ধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যাতে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করতে না পারে।
এ অভিযানে সহায়তা করেন মানিকগঞ্জ সদর থানা পুলিশ, আনসার সদস্য ও মানিকগঞ্জ জেলা প্রশাসন।
পরিবেশবিধি উপেক্ষা করে শিল্পকারখানা পরিচালনা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি। নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অনিয়ম রোধ করতে পারে বলে মনে করেন সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









