নেত্রকোনার মদন উপজেলায় এক কারারক্ষী মো. আলমগীর হোসেন মাসুদের বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (৪ মার্চ) দুপুরে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন মাসুদ (৪২) উপজেলার উত্তর দেওলজিলা গ্রামের বাসিন্দা এবং তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত। সোমবার (২ মার্চ) ভোর ৫টার দিকে পূর্ববিরোধের জেরে একই গ্রামের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা বাড়ির উত্তর পাশের সীমানা প্রাচীরের সিমেন্টের পিলার ও টিনের বেড়া ভাঙচুর করে। ড্রিল মেশিন দিয়ে কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়। বাধা দিতে গেলে আলমগীরের বৃদ্ধ বাবাকে মারধর এবং শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা ৮০টি সিমেন্টের পিলার, ১২ বান টিন (প্রায় ৬০ হাজার টাকা মূল্যমান), ১৫ হাজার টাকার কাঁটাতার খুলে নিয়ে যায়। পাশাপাশি প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, কিছু রুপার গহনা (আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে। এ সময় গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় করলে হত্যা ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয় বলেও দাবি ভুক্তভোগীর। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনার সাক্ষী রয়েছেন বলে তিনি জানান।
অভিযুক্তদের একজন মিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “ওরা আমার বাপ-দাদার জায়গা জোর করে দখল করে আছে। আমরা আদালতের ডিক্রি পাওয়ার পর নিজেদের জায়গার বেড়া ভেঙেছি।”
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









