বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৪০০ কেজি গরুর মাংস জব্দ করে মাটি চাপা দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেট এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় মাংস ব্যবসায়ী আলী আকবর গাজীর দোকান থেকে বিপুল পরিমাণ মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা প্রায় ৪০০ কেজি গরুর মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন ও কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী অসুস্থ ও মরণাপন্ন গরু জবাই করে তার মাংস বিক্রি করে আসছিলেন। ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারি ইন্সপেক্টর ও পৌরসভার তদারকি কর্মকর্তাদের নিয়মিত নজরদারির অভাবে এ ধরনের অনিয়ম ঘটছে বলেও অভিযোগ রয়েছে।

নিয়ম অনুযায়ী, বাজারে গরু জবাই করার আগে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সনদ নিতে হয় এবং পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে জবাই করার কথা। তবে অনেক ব্যবসায়ী বাইরে গরু জবাই করে ফিটনেস সনদ ছাড়াই বাজারে মাংস বিক্রি করে থাকেন বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে উপজেলা প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলেও তারা মত দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন জানান, বুধবার একটি গরু কীটনাশকযুক্ত মাঠের ঘাস ও লতাপাতা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে মরণাপন্ন অবস্থায় গরুটি দ্রুত জবাই করা হয়। সেই মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী তার দোকানের ফ্রিজে সংরক্ষণ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, গরু জবাই করার আগে প্রাণিসম্পদ বিভাগের ফিটনেস সনদ নেওয়ার বিধান থাকলেও ওই ব্যবসায়ী তা নেননি। এছাড়া ফ্রিজের ভেতরে গরুর মাংস, চামড়া, ভুঁড়ি ও পা একসঙ্গে সংরক্ষণ করা হয়েছিল, যা স্বাস্থ্যসম্মত নয়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেছেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

অসুস্থ, মরণাপন্ন বা রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি বন্ধে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.