ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “প্রত্যেক উপকারভোগী যেন সঠিকভাবে ১০ কেজি করে চাল পায় তা নিশ্চিত করতে হবে। বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। মনে রাখতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্বাহী কর্মকর্তার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় এমন হুঁশিয়ারি দেন ভূমি প্রতিমন্ত্রী।
অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটির সঙ্গে সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
মানবিক সহায়তা বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের তালিকা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রণয়ন করতে হবে। কোনোভাবেই যেন প্রকৃত দরিদ্র মানুষ বঞ্চিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি নির্দেশনা দেন, প্রতিটি ইউনিয়নে দুটি করে বিতরণ কেন্দ্র নির্ধারণ করে দুই দিনের মধ্যে মানবিক সহায়তা বিতরণ সম্পন্ন করতে হবে, যাতে অসহায় পরিবারগুলো ঈদের আগেই সহযোগিতা পেতে পারে।
সভায় আসন্ন ঈদকে সামনে রেখে উপজেলার প্রতিটি অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে মানবিক সহায়তা কার্যক্রম শতভাগ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি মো. মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকবৃন্দ, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









