যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১১০ ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিজিবির ধান্যখোলা বিওপির সদস্যরা সীমান্ত এলাকার বাহাদুরপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
একই দিনে আন্দুলিয়া বিওপির সদস্যরা পৃথক অভিযানে আরশিংড়ি গ্রামের মাঠের একটি পুকুরপাড় থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৩ কেজি গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল জব্দ করে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ২ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









