বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। নগরীর অধিকাংশ ফিলিং স্টেশনে এই দুই ধরনের জ্বালানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা। অনেকেই এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও জ্বালানি না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।
রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, বেশিরভাগ পাম্পেই পেট্রোল ও অকটেন নেই। কোথাও কোথাও ‘পেট্রোল ও অকটেন নেই’ লেখা নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে। ফলে জ্বালানি নিতে আসা চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে।
নগরীর নতুন বাজার এলাকার তালুকদার ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বলেন, সকালে জরুরি কাজে বের হয়েছি। কিন্তু তিনটি পাম্পে ঘুরেও পেট্রোল পাইনি। এভাবে চলতে থাকলে আমাদের কাজকর্ম করা কঠিন হয়ে পড়বে।
আরেক মোটরসাইকেল চালক রাশেদ মাহমুদ বলেন, বরিশালে হঠাৎ করে কেন পেট্রোল-অকটেনের সংকট হলো বুঝতে পারছি না। পাম্পে গিয়ে শুনি জ্বালানি নেই। অনেক সময় নষ্ট করে শেষে আবার বাসায় ফিরে যেতে হচ্ছে।
নগরীর ভূইয়া ফিলিং স্টেশনের কর্মকর্তা সালাম ভূইয়া জানান, ডিপো থেকে নিয়মিত সরবরাহ না আসায় এই সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, আমাদের পাম্পে পেট্রোল ও অকটেনের মজুত শেষ হয়ে গেছে। ডিপো থেকে সরবরাহ এলেই আবার বিক্রি শুরু করা যাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, সরবরাহে সাময়িক সমস্যার কারণেই বরিশালে পেট্রোল ও অকটেনের ঘাটতি তৈরি হয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন খাতসহ সাধারণ মানুষের চলাচলে আরও ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









