নান্দাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব ইস্তেহারুল করিম টিপু সুলতান (৩৩) কে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইস্তেহারুল করিম টিপু সুলতানকে প্রধান আসামি করে চারজনের নামে মামলা দায়ের করেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী। ইস্তেহারুল করিম টিপু সুলতান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নানের ঘনিষ্ঠ সহচর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের বিরোধিতার দায়ে তাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা জান্নাতুল ফেরদৌস বিথীকে বিয়ে করেন ইস্তেহারুল করিম টিপু সুলতান। বিয়ের উপঢৌকন হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্র এবং ব্যবসার জন্য ৪ লাখ টাকা নগদ গ্রহণ করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও ৭ লাখ টাকা নেন।
গত তিন মাস আগে আবারও ইস্তেহারুল করিম টিপু সুলতান ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেন। এক পর্যায়ে গত ২ মার্চ স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে না পারায় তাকে মারধর করে আহত করা হয়।
এ ঘটনায় গত ৭ মার্চ স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী নান্দাইল মডেল থানায় স্বামী ইস্তেহারুল করিম টিপু সুলতানকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন— জাহানারা বেগম (৫৭), সেপু আক্তার (৩৫) ও সুর্বণা আক্তার (৩৭)।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামি টিপু সুলতানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









