কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকেলে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের চর এলাকার উমেদ আলী।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার জানান, ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশ দিয়ে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু দুঃখজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। কারও গাফিলতি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









