বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অন্তর্ভুক্ত ভালুকা উপজেলা বিএনপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন দলের সকল পদে পুনর্বহাল হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবে ভালুকা উপজেলার অনেক সাধারণ মানুষের মতে, মোস্তাফিজুর রহমান মামুন প্রকৃতপক্ষে কোনো শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, বরং তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। নির্বাচন চলাকালে নিজ এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নিলেও তিনি ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন। উল্লেখ্য, নিজ এলাকায় দলীয় প্রার্থীর বিরুদ্ধেও তিনি কাউকে ভোট দিতে উৎসাহিত করেননি বলে জানা গেছে।
বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মামুন ভালুকা এলাকায় একজন সমাজসেবক হিসেবে পরিচিত। ইতোমধ্যে তিনি নিজ উদ্যোগে এলাকায় বেশকিছু অবকাঠামোগত উন্নয়নমূলক কাজসহ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
তরুণ ও জনপ্রিয় এই নেতার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান মামুন কৃতজ্ঞতা প্রকাশ করে দলের চেয়ারম্যান , প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের নীতিনির্ধারক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘শাসক নয়, সেবক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ বুকে ধারণ করে তিনি আজীবন ভালুকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









