ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান তালুকদার (৪৬) নিহত হয়েছেন। তিনি উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী রনি সুপার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে আব্দুল মান্নান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, ঘাতক বাস ও দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









