ফরিদপুরে একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ যাত্রীবেশী দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মৃত ইমদাদুল মৃধার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. ছাকেন মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের কোতোয়ালি থানাধীন মুন্সিবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাধিক বাসে তল্লাশি চালানো হয়। বেলা ৩টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের বাসে তল্লাশি চালানোর সময় শহিদুল ইসলাম ও আল আমিন মৃধার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর তাদের আটক করে তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটের ভেতর থেকে শহিদুলের কাছ থেকে তিন হাজার পিস ও আল আমিনের পকেট থেকে এক হাজার ইয়াবা পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘এরপর আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় দুই জনকে থানায় সোপর্দ করা হয়।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









