মাদারীপুর জেলার শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শিবচর উপজেলা পরিষদের গেইটের সামনে অস্থায়ী এই মাংসের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান।
জানা গেছে, ঈদ উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। ঈদের আগ পর্যন্ত মাংস বিক্রি চলবে। তবে প্রতি ক্রেতা সর্বোচ্চ ২ কেজি মাংস কিনতে পারবেন। কম টাকায় মাংস কিনতে পারায় স্বল্প আয়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। উদ্বোধনের পরই মানুষের ভিড় জমেছে।
একাধিক ক্রেতা বলেন, “বর্তমানে গরুর মাংসের দাম নাগালের বাইরে। চাইলেই কেনা যায় না। সেখানে ৬৫০ টাকায় মাংস কিনতে পারা খুবই আনন্দের বিষয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। এতে স্বল্প আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি এসেছে। ঈদে দিনমজুর, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের গরুর মাংস কেনার জন্য বিড়ম্বনায় পড়তে হবে না।”
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান জানান, “প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পাঁচ দিন স্বল্পমূল্যে মাংস বিক্রি চলবে। প্রতিদিন ২০০ কেজি করে মাংস বিক্রি করা হবে এবং ভর্তুকির টাকা সরকার প্রদান করবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









