ময়মনসিংহের নান্দাইলে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর দুই হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৫ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও বাজার এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সালাউদ্দিন আহম্মদ ঘটনাস্থল থেকে চাল জব্দ করে থানায় নিয়ে যান।
ঈদ উপলক্ষে রবিবার চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় একটি অসাধু চক্র ইউনিয়ন পরিষদের আওতাধীন খামারগাঁও বাজারে বকুল মিয়া ও মতি মিয়ার দোকানে অবৈধভাবে চাল মজুত করে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আহম্মদের নজরে এলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৩৪টি বস্তা থেকে দুই হাজার কেজি চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি সিলমোহরযুক্ত বস্তা থেকে খুলে সাধারণ বস্তায় রাখা হয়েছিল। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আহম্মদ বলেন, চাল মজুতের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









