রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।
দায়িত্ব গ্রহণের পর রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা যথাযথভাবে পালন করব। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হবে। চলমান উন্নয়নকাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে নাগরিক ভোগান্তি দূর করা হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনকে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। এ কাজে আমি নগরবাসী ও সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করছি।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ. এম. আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টায় হযরত শাহ মখদুম রূপোশ (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









