সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জুলাই সনদের প্রতিটি অধ্যায় পড়ে-বুঝে বাস্তবায়ন করব: আইনমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

জুলাই সনদের প্রতিটি অধ্যায় পড়ে-বুঝে বাস্তবায়ন করব: আইনমন্ত্রী

সব জনআকাঙ্ক্ষার সঙ্গে সমন্বয় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পথ ধরে এগিয়ে যাচ্ছেন মন্তব্য করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ ও জুলাই বিপ্লব নিয়ে যারা খুব কথা বলছেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, আমরা তাদের উদ্দেশ্যে বলছি—জুলাই সনদের প্রতিটি অধ্যায় আমরা ভালো করে পড়ে, দেখে, বুঝে তা বাস্তবায়ন করব। এ ব্যাপারে আমাদের কোনো ব্যত্যয় নেই।’

সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে সারা দেশে নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলার ২ডি-৭এন নিষ্কাশন খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের বুকে যেমন ৫২ ধারণ করি, আমরা যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ ধারণ করি, ৮২ থেকে ৯০ পর্যন্ত রক্ত দিয়ে অর্জিত নব্বইয়ের গণঅভ্যুত্থান ধারণ করি, তেমনি আমরা ২০০৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যেসব সহকর্মীকে জীবন দিতে হয়েছে, যারা ক্রসফায়ার, গুম ও মিথ্যা গায়েবি মামলার শিকার হয়েছেন, তাদেরও ধারণ করি। আমরা জুলাই সনদের প্রতিটি অধ্যায়কেও ধারণ করি।’

তিনি বলেন, ‘জুলাই সনদের ৮৪টি অনুচ্ছেদই পড়ে দেখেছি। সেই অনুচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা আছে—সংবিধান সংশোধন সাপেক্ষে। আমরা সেই পথেই হেঁটে চলেছি। আমরা মিথ্যা আশ্বাস বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই না। আমাদের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ আমরা দিতে চাই না।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আগামী দিনে যে পথে হাঁটতে যাচ্ছে সে কথার আমরা শুধু ফুলঝুরি ছড়াইনি। ভোট দেওয়ার সময় আঙুলের কালো দাগ মুছে যাওয়ার আগেই নির্বাচনের মাঠে এসে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অনেকটাই বাস্তবায়ন হয়েছে এবং অনেকটাই বাস্তবায়নের পথে আছে।’

তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড প্রদান, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত-সেবকদের বেতন-ভাতা কর্মসূচিও উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার “আই হ্যাভ অ্যা প্ল্যান”-এর অংশ হিসেবে একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। পহেলা বৈশাখে কৃষকেরা কৃষি কার্ডের আলোর মুখ দেখবেন।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা বলেছিলাম বিএনপি ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল-বিল খনন করা হবে। তারই ধারাবাহিকতায় আজ দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সুতরাং আমরা শুধু কথার ফুলঝুরি ছড়াই না, আমরা মিথ্যা আশ্বাস দিই না। বিএনপি যেটা বলে সেটা করার চেষ্টা করে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে যা কিছু কল্যাণকর ও জনকল্যাণমুখী তার অধিকাংশ মুক্তির পথ দেখিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই আদর্শের ধারাবাহিকতায় তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগপর্যন্ত বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যে যুগপৎ ভূমিকা রেখেছেন তা আমাদের নিত্যদিন সাহস জোগায়।’

তিনি বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকে প্রেরণা পেয়েছি। তার কর্মস্পৃহা থেকে আমরা যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্নের পথে দিশারী হয়ে, আমাদের ভ্যানগার্ড হয়ে, প্রধান সেনাপতি হয়ে পথ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে যারা এতদিন বদনাম করতেন, সমালোচনা করতেন, তাদের মুখে এখন ‘রা’ জবাব হয়ে গেছে। কারণ তিনি একের পর এক যে কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছেন।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। যদি কেউ ভুল করে সে পথে পা বাড়ান, তাহলে প্রশাসন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না।’

তিনি বলেন, ‘বিএনপি কাউকে চাঁদাবাজি ও দুর্নীতি করার লাইসেন্স দেয়নি। পাঁচ-দশজন চাঁদাবাজি করবেন, দুর্নীতি করবেন—তার দায় বিএনপির ঘাড়ে এসে পড়বে। এটাকে আমরা যদি ক্যান্সার মনে করি, সেই ক্যান্সার আমরা ছেঁটে ফেলব।’

আইনমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি সরকার এ দেশের প্রতিটি নাগরিকের। প্রতিটি নাগরিককে ভালো রাখা, নিরাপত্তা দেওয়া, গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন উপহার দেওয়া সরকারের দায়িত্ব। সেই প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, রাশেদ খানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

খাল খননের উদ্বোধন শেষে মন্ত্রী খালপাড়ে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.