নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক রঙমিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় তার ছেলে কাউছার হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের কান্দিভিটুয়া কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইখতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আবুল কালাম আজাদের ছেলে কাউছারের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এর জেরে সোমবার গভীর রাতে রহিমসহ তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউছারের ওপর হামলা চালায়। এ সময় তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে বাবা ও ছেলে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত কাউছার হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইখতে খায়ের আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









