ঢাকা-বরিশাল মহাসড়ককে বর্তমান দুই লেন থেকে সম্প্রসারণ করে আরও বড় ও আধুনিক সড়কে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালে গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কটি বর্তমানে দুই লেনের হলেও এটি দিয়ে কষ্টেসৃষ্টে যান চলাচল চলছে। বাস্তবতা হলো, সড়কটি এখন আর আগের মতো চাপ বহন করতে পারছে না। তাই এটিকে আরও প্রশস্ত ও আধুনিক করা জরুরি। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমি নিজে সরেজমিনে এসে পরিস্থিতি পরিদর্শন করেছি। খুব শিগগিরই কাজ শুরুর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বে। এই বিশাল যাত্রাপ্রবাহ স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। আমরা আশাবাদী, মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে।
মন্ত্রী আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি যানজট নিরসন, অতিরিক্ত চাপ সামাল দেওয়া এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ সময় প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









