সংবিধি প্রণয়ন ও বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
শিক্ষকরা জানান, শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান সংক্রান্ত একটি সুস্পষ্ট সংবিধি প্রণয়ন ও তা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। পাশাপাশি শিক্ষক পদোন্নতি বন্ধ থাকা এবং নতুন নিয়োগ কার্যক্রম স্থগিত থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে গেছেন বলে জানান।
কর্মসূচির অংশ হিসেবে শুধু পাঠদানই নয়, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত শিক্ষকরাও তাদের কার্যক্রম স্থগিত রেখেছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
এদিকে হঠাৎ করে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা জানান, নির্ধারিত পরীক্ষা ও ক্লাস স্থগিত হওয়ায় তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী সংবিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত শিক্ষক পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকবে। তবে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।”
তবে শিক্ষকদের দাবি, সংবিধি প্রণয়ন ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের চলমান এই অচলাবস্থা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









