ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ আরও বৃদ্ধি পায়।
আজ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা প্রায় সব পরিবহনেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লোকাল পরিবহনেও অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়।
যাত্রীরা জানান, ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্টপেজে যেতে স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া গুনতে হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় ভোর থেকেই বাড়ি ফেরার প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে বরাবরের মতো এবারও ঢাকা থেকে শিবচর ও ভাঙ্গা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
ঢাকা থেকে শিবচরের পাচ্চর পর্যন্ত লোকাল পরিবহনে সাধারণত ভাড়া ১৭০ টাকা হলেও বর্তমানে যাত্রীদের ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত পরিশোধ করতে হচ্ছে। স্বল্প দূরত্বের যাত্রীরাই তুলনামূলক বেশি ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন অনেকে।
ঢাকা থেকে আসা যাত্রীরা বলেন, “ঈদের সময় বরাবরই অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হয়েছে। যাত্রীদের ভিড় বেশি, আর ভাড়াও পরিবহনভেদে বেশি নেওয়া হচ্ছে। ঢাকা থেকে শিবচর পর্যন্ত ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।”
ফারজানা আক্তার নামের এক যাত্রী বলেন, “ঈদের সময় বাড়ি ফেরা এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর আগের মতো ভোগান্তি নেই। কিন্তু ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে। যাত্রীদের চাপ বেশি থাকায় তর্ক করার সুযোগও থাকে না।”
এক্সপ্রেসওয়ের পাচ্চর গোলচত্বরসহ বিভিন্ন স্টপেজে দেখা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড়। তারা বাস থেকে নেমে থ্রি-হুইলারে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
অন্যদিকে, ঢাকাগামী লেনে তুলনামূলক কম যানবাহন দেখা গেছে এবং বেশিরভাগ গাড়িই ছিল যাত্রীশূন্য।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, “ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণেও কাজ করা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









