বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টায় উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নাদিম শেখ (৩৩)-কে গ্রেপ্তার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি পুলিশ দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযান শেষে পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় আসামি নাদিমকে ছিনিয়ে নিতে সাগর শেখ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতরভাবে জখম হয়। হামলার সুযোগে নাদিম ও সাগর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
আহত কনস্টেবল রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









