পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে একটি মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মো. আমিনুল ইসলাম হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, তিনি তার পুলিশে কর্মরত ছেলের প্রভাব খাটিয়ে স্থানীয় মুসল্লিদের ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সাগরকান্দা সরদার বাড়ি ৮নং ওয়ার্ডে অবস্থিত 'রামচন্দ্রপুর নেছারিয়া জামে মসজিদ' এর পেছনে কিছু জমি ক্রয় করেন আমিনুল ইসলাম হাওলাদার। তবে মসজিদের মুসল্লিদের দাবি, তিনি তার ক্রয়কৃত জমির পাশাপাশি মসজিদের সামনে থাকা ঈদগাহ মাঠ ও কবরস্থানের জমিও নিজের বলে দাবি করে দখলের চেষ্টা করছেন।
স্থানীয় মুসল্লি মো. রিয়াজ মৃধা অভিযোগ করে বলেন, মসজিদের কবরস্থান ও ঈদগাহ মাঠ সম্পূর্ণ আলাদা জমি। কিন্তু আমিনুল মিয়া জোরপূর্বক এসব জায়গা দখল করতে চাইছে। বাধা দিলে তার পুলিশে কর্মরত ছেলে মাইনুল ইসলামকে দিয়ে মামলার ভয় দেখানো হচ্ছে।
একই অভিযোগ করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মোফাজ্জেল হোসেন। তিনি বলেন, প্রায় ৩০ বছরের পুরোনো মসজিদের সামনে থাকা ঈদগাহ মাঠ ও কবরস্থান নিজেদের দাবি করছে আমিনুল ইসলাম। আমরা প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তার ছেলে পুলিশে চাকরি করায় এখন উল্টো মামলার ভয় দেখানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের ছেলে, পুলিশ সদস্য মো. মাইনুল ইসলাম হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, মসজিদের পাশে আমাদের প্রায় চার বিঘা জমি ক্রয় করা ছিল। এর মধ্যে ২ বিঘা বিক্রি করা হয়েছে, বাকি ২ বিঘা এখনো রয়েছে। মসজিদ ও কবরস্থান আমাদের ক্রয়কৃত জমির মধ্যেই পড়েছে। এখন আবার মসজিদের সামনে একটি জমিতে বালু ভরাট করে ঈদগাহ মাঠ বানানোর চেষ্টা চলছে। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কাগজপত্র নিয়ে বসে সীমানা নির্ধারণ করলেই বিষয়টির সমাধান সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









