শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিএনপি ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে’: গোলাম পরওয়ার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

বিএনপি ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে’: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা’ ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে’।

সোমবার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক সফরে কক্সবাজারে এসে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সহস্রাধিক প্রাণ আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে।’ 

তিনি অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষভাবে আদালতে রিট করে বিষয়টিকে বিচারাধীন (সাব-জুডিস) করা হয়েছে। ‘সরকারের পরোক্ষ মদদে এটি করা হয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া—একে দ্বিচারিতাই বলা যায়, যোগ করেন তিনি।

গণভোট প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়েও গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না।

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাবও দেন তিনি। তিনি বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে এবং জুলাই জাতীয় সনদকে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এটাই এখন সংকট নিরসনের একমাত্র পথ।

তিনি আরো সতর্ক করে বলেন, ‘সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে সমাধান পার্লামেন্টে করবে, নাকি জনগণকে আবারও রাজপথের আন্দোলনে ঠেলে দেবে।’

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই জনগণের পক্ষে ভূমিকা পালন করবে।

এ সময় কক্সবাজার জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

শাহীন/কক্সবাজার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.