পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম-মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, এখন থেকে আর দুর্নীতি সহ্য করা হবে না। যে কোন ডিপার্টমেন্ট বা রাজনৈতিক ব্যাক্তি যেই হোক, যারাই দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) লক্ষ্মীপুর জেলা পরিষদ মাঠে নতুন নিয়োগকৃত জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবুর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
বিগত ১৭ বছরের দুর্নীতি, দুঃশাসন ও গুম-খুন নির্যাতনের কথা তুলে ধরে পানি সম্পদ মন্ত্রী বলেন, অতীতে মেগা প্রকল্প দরকার না থাকলেও, মেগা প্রকল্প তৈরি করা হয়েছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার।
এ সময় মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে দেশের মানুষ একটা স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। এমন একটা সময়ে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে এবং কঠিন সময়ে আমরা দায়িত্ব নিয়েছি। এই কঠিন সময়টা পার করাও আরও কঠিন বলে জানান তিনি।
জনগণের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, উন্নয়নে সবার সহযোগিতা দরকার। যেহেতু একটা সুযোগ এসেছে, সুযোগটা কাজে লাগাতে চাই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। তাই বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বর্তমান বিএনপি সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা হবে আর এতে করে মানুষ সুবিধা ভোগ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









