রংপুর অঞ্চলের ফিলিং স্টেশনগুলো অকটেন ও পেট্রোল সংকটে ভুগছে। ফলে, কালো কাপড় মুড়িয়ে পেট্রোল কিংবা অকটেন নেই নোটিশ টাঙ্গানো হয়েছে। এতে করে বিড়ম্বনায় পড়েছেন বাইক চালকরা।
বুধবার (২৫ মার্চ) দুপুরে রংপুর মহানগরের পেট্রোল পাম্প গুলো ঘুরে দেখা গেছে যে, ‘পেট্রোল নেই’ নোটিশ টাঙ্গানোর চিত্র।
খোঁজ নিয়ে জানা যায়, এ চিত্র শুধু রংপুর মহানগরের নয় এ অঞ্চলের পাঁচ জেলার ফিলিং স্টেশনগুলোর।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার (২৪ মার্চ) ডিপো থেকে কোনো জ্বালানি তেল সরবরাহ করেনি। ফলে, তাদের পক্ষে তেল বিক্রি করা সম্ভব হচ্ছে না। তারা আরও অভিযোগ করেন, জ্বালানি ডিপোগুলো কবে কখন জ্বালানি সরবরাহ করবে তাও বলছে না।
অথচ ট্যাংক-লরিগুলো তেলের জন্য ডিপোতে অবস্থান করছে দুই দিন ধরে। সে কারণে তারা বাধ্য হয়ে তেল নেই বলে নোটিশ টাঙিয়ে দিয়েছেন।
সালেক পাম্পে পেট্রোল নিতে আসা বাইক চালক সুকুমার (৩৮), রাব্বি হোসেন (৪৮) ও জুলফিকার আলী (৫১) জানান, রংপুরের অধিকাংশ ফিলিং স্টেশনে তেল নেই নোটিশ টাঙ্গানো হয়েছে। সেই সাথে যেখানে তেল রয়েছে, সেখানেও উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইন অতিক্রম করে তেল নিতে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করেও অনেক সময় তেল পাওয়া যায় না।
রংপুর অঞ্চলের বাইক চালকদের দাবি, সরকারিভাবে জানান দেওয়া হোক দেশে তেলের মজুদ আছে কি নাই। যদি তেল সংকট থাকে, তাহলে সেটিও জানানোর ব্যবস্থা করা হোক। তেল আছে-তেল নেই, পাম্প আছে-তেল নেই। কিন্তু খোলা বাজারে চড়া মূল্যে তেল ঠিকই পাওয়া যায়।
তাই, বাইক চালকদের সাথে পাম্প কর্তৃপক্ষের চোর-পুলিশ খেলা থেকে মুক্তি চায় সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









