দিনাজপুরের চিরিরবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় রানীরবন্দর এলাকায় অভিযান চালায়। অভিযানে দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০.৬০০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের দুটি মূর্তি—উমামহেশ্বর ও বিষ্ণু—উদ্ধার করা হয়। আটকরা হলেন উপজেলার পশ্চিম সাঁইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং রানীরবন্দরের নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায় (৬০)।
পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভুষিরবন্দর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬৪.৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। এসব প্রত্নবস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা বলে জানা গেছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









